ফুলবাড়ীর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
অনিল চন্দ্র রায়:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন।
আজ (১২ নভেম্বর) বিদ্যালয়টি পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শ্রেণিকক্ষের পরিবেশ, বিদ্যালয়ের শৃঙ্খলা এবং সার্বিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।
এ সময় তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জেলা প্রশাসক জানান। পাশাপাশি পাঠদান কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও গতিশীল করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।